ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. ইউনূস দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পশ্চিমা বিশ্বকে সরকারের বিরুদ্ধে লাগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ।
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাননি উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, "অথচ আজ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পশ্চিমা বিশ্বকে ইউনূস সরকারের বিরূদ্ধে লাগিয়েছেন।"
নিয়োগের ক্ষেত্রে অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলে তাও নাকচ হয়ে যায়। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন ইউনূস।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইউনূসের সঙ্গে সরকারের সমঝোতা না হলে তা ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে।
গ্রামীণব্যাংকের প্রসঙ্গ টেনে জেপির আলোচনা সভায় হানিফ বলেন, "গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে আজ পর্যন্ত একজন মানুষও তার ভাগ্যের উন্নতি করতে পারেনি। ড. ইউনূসের মতো লোক কর ফাঁকি দেয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এটা জানার পর তার প্রতি সকল শ্রদ্ধা ও সম্মানবোধ নষ্ট হয়ে গেছে।"
কোনো সামরিক কর্মকর্তার হুইসেলে মুক্তিযুদ্ধ হয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, "বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যেই বাঙ্গালী জাতির জন্য মুক্তিযুদ্ধের সকল দিক-নির্দেশনা ছিল। কিন্তু বৃদ্ধ বয়সে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতিভ্রম হয়েছে। একদিন যে বাঘা সিদ্দিকীকে নিয়ে আমরা গর্ব করতাম, আজ তার কথা ভাবলে ঘৃণা হয়।"
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জেপির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, আবু সাঈদ খান ও এজাজ আহমেদ মুক্তা, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শেখ মো. জয়নাল আবেদীন আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, "আমাদের স্বাধীনতার বয়স ৪০ বছর পার হয়ে গেলেও রাজনৈতিকভাবে আজ পর্যন্ত আমরা কোনো ইস্যুতেই একমত হতে পারিনি। জাতি হিসাবে এটাই আমাদের বড় সমস্যা। তবে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির নানা রকম প্রভাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২২০৭ ঘ.
bdnews24