ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যাপ্রাপ্তি নিশ্চিত করা গেলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক টানাপোড়েন অনেক কমে আসবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ মত প্রকাশ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই নেতার মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন ও ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু বণ্টনে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান একসঙ্গে কাজ করলে আঞ্চলিক টানাপোড়েন অনেকখানি কমিয়ে আনা সম্ভব বলে বৈঠকে জানিয়েছেন তিনি।
রাজা নামগিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন বলে দীপু মনি জানান।
তিনি বলেন, "ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। তারা যাতে বিদ্যুৎ রপ্তানি করতে পারে, সে বিষয়ে ভারতের সঙ্গে একটি চুক্তিও হয়েছে।
"ভারতের আপত্তি না থাকলে বাংলাদেশও ভুটান থেকে বিদ্যুৎ কিনতে পারে।"
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ভুটানের রাজা বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন জানিয়ে দীপু মনি বলেন, ওষুধ খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
"দুই নেতা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন," বলেন তিনি।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছান রাজা নামগিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১১৬ ঘ.
bdnews24