বরিশাল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে শুক্রবার তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলে 'স্বপ্ন যাত্রা' শিরোনামের এ প্রদর্শনী ও উৎসব চলবে রোববার পর্যন্ত।
এটি আয়োজন করেছে বরিশাল আলোকচিত্র ও চলচ্চিত্র সোসাইটি।
শুক্রবার বিকাল ৩টায় চলচ্চিত্র আগুনের পরশমনি এবং সন্ধ্যা ৬টায় তথ্যচিত্র স্টপ জেনোসাইড প্রদর্শিত হবে। শনিবার বিকাল ৩টায় দেখানো হবে চলচ্চিত্র মুক্তির গান।
শেষদিন বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ওরা ১১ জন। একইদিন সন্ধ্যায় রয়েছে কনসার্ট ফর বাংলাদেশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চিত্রশিল্পী মো. মুনিরুজ্জামান, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, মেয়রের স্ত্রী জেবুনেচ্ছা আফরোজ, সংগঠনের সদস্য সচিব দিপু হাফিজুর রহমান প্রমুখ।
আলোকচিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ইম্মানুয়েল অরুণ শুভ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ছবি জীবনের কথা বলে। দেশ, জাতি ও ইতিহাসের কথা বলে।
তাই বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24