২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

সিরাজগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ সময় তাড়াশ-বারুহাস সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে শুক্রবার বিকেল পর্যন্ত দোপানপাট খোলেননি ব্যবসায়ীরা। বিনোদপুর বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুসুম্বী গ্রামের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী শাহিনের ধানের জমিতে বৃহস্পতিবার কীটনাশক দেওয়া হয়। সেই জমির ধান খেয়ে প্রতিবেশী জমেলা বেগমের একটি ছাগল মারা যায়। এর জের ধরে জমেলার ছেলে জাফর আলী মরা ছাগলটি বিনোদপুর বাজারে শাহিনের দোকানে নিয়ে আসে। সেখানে ব্যবসায়ী সমিতির নেতারা আলোচনা করে শাহিনকে পনেরশ টাকা জরিমানা করে বিষয়টির মীমাংসা করে দেন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোক্তার হোসেন জানান, ছাগলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শাহিনকে জরিমানা করার পরও জমেলা বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন। মোক্তার বলেন, স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়েছে জানানো হলে থানার ওসি আতাউর রহমান মামলা রেকর্ড না করার জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে শুক্রবার সকাল ১০টার দিকে তাড়াশ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম দোকান থেকে শাহিনকে থানায় নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। অবরোধের বিষয়টি জানার পর ওসি শাহিনকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন। এ বিষয়ে ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে। উভয়পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।" সমাধান না হলে শাহিনের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। মামলা নথিভুক্ত না করার জন্য টাকা দাবির অভিযোগ অস্বীকার করেন ওসি। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "বাদী অভিযোগ তুলে না নিলে অবশ্যই শাহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ওসি ঘুষ চেয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখা হবে বলে জানান মোশারফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫২৯ ঘ.