২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলতি সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব শুরু

'মুক্তিযুদ্ধ অনিঃশেষ, চল্লিশে বাংলাদেশ' স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হলো বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মুক্তিযুদ্ধ অনিঃশেষ, চল্লিশে বাংলাদেশ' স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হলো বৃহস্পতিবার। বিকেলে ৭ মার্চের ভাষণে সম্পৃক্ত চারজন মুক্তিযোদ্ধা শহীদ মিনারের মূলবেদীতে ফুল দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন। এরা হলেন- বঙ্গবন্ধুর সঙ্গী হাজি গোলাম মুর্শিদ, ৭ মার্চের ভাষণের শব্দ রেকর্ডকারী এম এ খায়ের, ভাষণের ভিডিও রেকর্ডকারী এম এ মুবীন ও ভাষণের ফিল্ম সংরক্ষক আমজাদ আলী খন্দকার। পরে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এই চার মুক্তিযোদ্ধা। হাজী গোলাম মুর্শিদ বলেন, স্বাধীনতা ঘোষণা করলেই দেশ স্বাধীন হয়ে যায় না। এর জন্য নিরবে নিভৃতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হয়। স্বাধীনতার ৪০ বছরে অনেকগুলো ব্যর্থতা তাকে ব্যথিত করে মন্তব্য করে তিনি বলেন, দেশের সাধারণ জনগণ প্রশাসনের হাতে নিরবে নিভৃতে শোষিত-নিপীড়িত হচ্ছে। অথচ তাদের পরিচালনা করেন রাজনীতিকরা। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার বলেন, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার অর্জনগুলোর কথা স্মরণ করতে পারি, সেভাবে ব্যর্থতাগুলোও আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। তিনি ৭ মার্চের ভাষণ সঠিকভাবে সংরক্ষণের দাবি জানান। "সমম্পাদনার কারণে [ভাষণে] উচ্চারণে এদিক-ওদিক হয়েছে। এর জন্য একটি কমিটি করে সঠিক ভাষণটি সংরক্ষণ করা দরকার।" সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নির্বাহী পরিষদের সদস্য আফজাল হোসেন, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/পিডি/২০৫৭ ঘ.