ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক চার দিনের সফরে ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ভুটান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বিকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন রাজা জিগমে খেসার।
বৈঠক শেষে দিপু মনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভুটান অনেক বিষয়ে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে আসছে। দিন দিন এর ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে।
রাজার সঙ্গে বৈঠকে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের রাজা বাংলাদেশে আসায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা তার আগমনে কৃতজ্ঞ বোধ করছি।"
সফরকালে ভুটানি রাজা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রায়েরবাজার বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন। শুক্রবার রাজা নামগিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা নামগিলও থাকবেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এলএন/জেকে/১৯২৯ ঘ.
bdnews24