২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধী দল কেবল বিদেশিদের তুষ্টি চায়'

ড. ইউনূস ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিরোধী দল দেশের মান সম্মান জলাঞ্জলি দিয়ে হলেও দাতাদের তুষ্টি চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. ইউনূস ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিরোধী দল দেশের মান সম্মান জলাঞ্জলি দিয়ে হলেও দাতাদের তুষ্টি চায়। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর প্রধান বিরোধী দল বিএনপি সরকারের সমালোচনা করে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, "তাহলে আপনারা চান দেশের আইন-কানুন, মান সম্মান জলাঞ্জলি যাক; তবু বিদেশিদের তুষ্ট রাখতে হবে!" বিগত চার দলীয় সরকারের প্রসঙ্গ টেনে দীপু মনি বলেন, "বিদেশিরা তো আপনাদের চোর বলেছে, ধমক দিয়েছে, দাতারা অর্থ ফেরত চেয়েছে। তখন তো কিছুই করতে পারেননি। প্রতিনিধিত্ব করার বদলে মন্ত্রীত্ব করে ব্যক্তিগত ব্যবসা চালিয়েছেন।" মন্ত্রী দাবি করেন, "দাতাদের নির্দেশে এ দেশের কর্মপন্থা নির্ধারণ হয় না, সরকারই এ দেশের কর্মপন্থা নিয়ন্ত্রণ করে। দাতারা শুধু সহায়তা করে।" বর্তমান সরকার মানি লোকের মান দিতে জানে না- বিরোধী দলের এমন অভিযোগের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, "উনারাতো সে সময় দেশবরেণ্য ১৪ ব্যক্তিকে দেশদ্রোহীতার মামলা দিয়ে হয়রানি করেছেন। শহীদ জননী জাহানারা ইমাম তো মামলা ঘাড়ে নিয়েই মারা গেলেন।" ইউনূস ইস্যুতে সরকারের পদক্ষেপ ও সফররত মার্কিন সহকারী মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, "আজ ইউনূস নিয়ে কথা হচ্ছে। মার্কিন (সহকারী) মন্ত্রী সংবাদ সম্মেলন করে হুমকি দেন- ইউনূসের বিষয়ে সরকারের সমঝোতা না হলে হিলারি এ দেশে আসবেন না। এভাবে হুমকি দেওয়া দেশের স্বাধীনতা, প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য লজ্জার।" বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন বলেন, "সুপ্রিম কোর্টে এখন অযোগ্য ও আজ্ঞাবহদের বিচারক নিয়োগ করা হচ্ছে। নিু আদালতেও যেখানে তৃতীয় শ্রেণীপ্রাপ্তদের অযোগ্য করা হয়, সেখানে সুপ্রিম ও হাইকোর্টে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া দুঃখজনক।" সরকারি দলের সাংসদ ইকবালুর রহীম বলেন, "আদালতে বিচারক নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত জোটের কথা বলার মুখ নেই। তাদের সময়ে জাল সার্টিফিকেট দিয়ে বিচারক নিয়োগ হয়েছিল।" কর্নেল তাহের হত্যার রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "জিয়াকে ঠাণ্ডা মাথার খুনি বলে রায় দিয়েছেন আদালত।" এ সময় বিরোধী দলের সাংসদরা এ বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। অন্যদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মঈনুদ্দিন খান বাদল, আমির হোসেন আমু, কাজী কেরামত আলী, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, মঞ্জুর কাদের কোরেশী, জাহিদ আহসান রাসেল, আবু জাহিদ, মোস্তাফিজুর রহমান ফিজার, শেখ মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, মোয়াজ্জেম হোসেন রতন আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৪৭ ঘ.