ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের নিকট আত্মীয়দের ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের স্ত্রী এবং বাবা-মাকে পৃথকভাবে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।
এ সময় শেখ হাসিনা বলেন, এ অর্থ দিয়ে জীবনের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তবুও আপনাদের পারিবারের জন্য সরকারের পক্ষ থেকে সামান্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
"এ ধরনের দুর্ঘটনা রোধে রাস্তার উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার।
গত ১৫ জানুয়ারি নরসিংদীতে ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে বেলাব থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরআর/আরএ/১৮৩১ ঘ.
bdnews24