২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: '৩ মাসে ক্ষতি ২০০ কোটি টাকা'

চলতি বছরের প্রথম তিন মাসে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) কারণে খামার শিল্পে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের প্রথম তিন মাসে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) কারণে খামার শিল্পে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। জাতীয় প্রেসক্লাবে বুধবার 'ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের (ওয়াপসা)' বাংলাদেশ শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ডা. আব্দুস ছালেক এ দাবি করেন। এ বছরের শুরুতে দেশে পুনরায় বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেয়। এতে বিভিন্ন জেলায় লক্ষাধিক মুরগি নিধন হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে খামার শিল্পকে বিপুল পরিমাণ ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব বলে জানান ছালেক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সাল থেকে গত চার বছরে পাখির এ রোগে খামারিদের ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। আগামী ২৫ থেকে ২৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় সপ্তম আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনী ও সেমিনার উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এতে বিশেষ অতিথি থাকবেন। ২৭ মার্চ বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন লতিফ বিশ্বাস। বিশ্বের ২৩টি দেশের খামার মালিক ও খামার বিশেষজ্ঞরা এ প্রদর্শনী ও সেমিনারে অংশ নেবেন বলে জানানো হয়েছে। এতে ২৪৬টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের স্টল বসবে। প্রদর্শনী থেকে এক হাজার কোটি টাকার বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংগঠনের মহাসচিব আব্দুস ছালেক। এর আগে ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এমন একটি প্রদর্শনীতে ৭০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি হয়। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগের এ খাতকে রক্ষা এবং উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩০৫ ঘ.