২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনআইন-শৃঙ্খলা রক্ষায় বরিশালে অতিরিক্ত নির্বাহী হাকিম

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বরিশাল বিভাগের নির্বাহী হাকিম বাড়ানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বরিশাল বিভাগের নির্বাহী হাকিম বাড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে উপজেলাভিত্তিক একজন করে নির্বাহী হাকিম ও একজন করে বিচারিক হাকিম নিয়োগ করা হলেও দ্বিতীয় দফায় বরিশাল বিভাগের নির্বাচনী এলাকায় ইউনিয়নভিত্তিক নির্বাহী হাকিম নিয়োগ করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) হেলাল চৌধুরী নির্বাহী হাকিম নিয়োগের অনুরোধ জানিয়ে সংস্থাপন সচিবকে চিঠিতে বলেন, বর্তমানে কিছু কিছু ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় সহিংসতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। "এ জন্য ভোলা জেলার প্রতি ইউনিয়নে একজন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রতি ইউনিয়নে একজন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার প্রতি ইউনিয়নে একজন এবং বরিশাল বিভাগের বাকি জেলার সংশ্লিষ্ট উপজেলার প্রতি তিন ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেচ নিয়োগ অতি জরুরি।" বুধবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১২ দিন সংশ্লিষ্ট এলাকায় তারা দায়িত্ব পালন করবেন। বরিশাল পরিদর্শন করে এসে ইতোমধ্যে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, সহিংসতার ঘটনা বাড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনে প্রতি ইউনিয়নে নির্বাহী হামিক নিয়োগ করা হবে। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী ও খুলনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ১২ জেলার ৭২ উপজেলায় ৫৭১ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি ও নির্বাচন বিধি পরিপালন কার্যক্রম মনিটরিং করতে ইতোমধ্যে ৭২ উপজেলায় ৭২ জন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছে। ২৭ মার্চ থেকে ৭২ বিচারিক হাকিমও নিয়োজিত থাকবে। তারা নির্বাচনের পর দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। ঝালকাঠিতে চার দিনের জন্য আগামী বৃহস্পতিবার ঝালকাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির আইন শাখার উপ-সচিব স্বাক্ষরিত এক চিঠিতে জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ঝালকাঠি পৌরসভায় ৯ জন নির্বাহী হাকিম নিয়োজিত থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তারা স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সের নেতৃত্ব দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৬ ঘ.