ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবদুর রউফকে আরো চার দিনের সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এজিএম আল মাসুদ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা উপপরিদর্শক বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন ।
তিনি জানান, রউফ অপর মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ রউফকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচ দিনের হেফাজত চান।
শুনানির সময় রউফকে আদালতে হাজির করা হয়।
গত ১৬ মার্চ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
হেফাজতের আবেদনে বলা হয়, রউফ ২০০০ সালে আফগানিস্তানে তালেবান বাহিনীর হয়ে আফগান যুদ্ধে অংশ নেন। ভারী অস্ত্র চালনায় তিনি পারদর্শী। যুদ্ধ শেষে দেশে ফিরে তিনি হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানের সঙ্গে সক্রিয়ভাবে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অংশ নেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, যা খতিয়ে দেখতে আবারো তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ওই গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় অষ্টমবারের মতো বাড়িয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
সেইসঙ্গে আদালত রাষ্ট্রপক্ষকে ওই সময়ের মধ্যে যেন প্রতিবেদন দাখিল করা হয় সে ব্যাপারে সতর্ক করে দেয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়।
ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24