২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস ইস্যু সমঝোতা না হলে সম্পর্কে প্রভাব পড়বে: ব্লেক

ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক। মঙ্গলবার রাজধানীর গুলশানে ইউএস রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্লেক বলেন, "তাকে (ইউনূস) যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রে আমরা (সরকার) খুবই উদ্বীগ্ন। "সুশীল সমাজকে উপেক্ষা করে (ইউনূসের অব্যাহতির বিষয়ে) যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে (দুই দেশের) সম্পর্কের ওপর প্রভাব পড়বে।" অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলে তাও নাকচ হয়ে যায়। সরকারের দাবি, ইউনূস নিয়ম লঙ্ঘন করায় কেন্দ্রীয় ব্যাংক তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তারপরও যুক্তরাষ্ট্র সরকার কেন উদ্বীগ্ন- তা জানতে চাইলে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, "অধ্যাপক ইউনূস একজন নোবেল বিজয়ী এবং আমেরিকান প্রেসিডেনশিয়াল মেডাল ও কংগ্রেশনাল গোল্ড মেডালজয়ী ব্যক্তি। "আমাদের মনে হয়েছে, বাংলাদেশে বহু ভালো কাজের পর (তার) এই অপসারণ ছিল অনভিপ্রেত ও অপ্রয়োজনীয়। তবে এ বিষয়ে সব পক্ষের জন্যই সন্তোষজনক একটি আপোসে পৌঁছানো সম্ভব বলে আমরা আশাবাদী।" যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে ঠিক কী ধরনের সমঝোতা চাইছে জানতে চাইলে ব্লেক বলেন, "আমরা কোনো পরামর্শ দেবো না। সমঝোতায় পৌঁছানোর জন্য আমরা গ্রামীণ ব্যাংক, ড. ইউনূস ও (বাংলাদেশ) সরাকারকে আলোচনায় বসার আহ্বান জানাবো।" গ্রামীণ ব্যাংকের ঐক্য ও কার্যকরিতা বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সন্তুষ্ট করে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ব্লেক বলেন, তার দেশে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ কংগ্রেসে ইউনূসের বহু ভক্ত রয়েছেন। "আমরা আশা করবো, এ বিষয়টি (ইউনূসের অব্যাহতি) দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।" পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসতে পারেন জানিয়ে ব্লেক বলেন, "অধ্যাপক ইউনূস ইস্যুর একটি সফল পরিসমাপ্তি সম্ভব হলে তার (হিলারির) সামনে বাংলাদেশ সফরের প্রস্তাব তোলা আমার জন্য সহজ হবে।" ইউনূস ইস্যুকে যুক্তরাষ্ট্র এতো গুরুত্ব দিচ্ছে কেন- এ প্রশ্নের জবাবে ব্লেক বলেন, "আপনারা সাংবাদিকরাই বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করেছেন।" শনিবার বাংলাদেশে আসার পর গত তিন দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করে ইউনূস ইস্যুতে একটি সম্মানজনক সমঝোতার প্রত্যাশা জানান ব্লেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন জানতে চাইলে রোববার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, "তার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর নিজের জানানোই ভালো।" আর প্রধান বিরোধী দল বিএনপি ইউনূসকে অপসারণের সরকারি পদক্ষেপের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১২৩ ঘ.