ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী যাত্রাবাড়ীতে নিজের বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত সাজ্জাদ হোসেন (৫২) অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার প্রথম প্রহরে রায়েরবাগ কলেজ রোডের নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আবুুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সাজ্জাদের প্রথম স্ত্রী তাকে ছেড়ে দেওয়ায় ২০০৯ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে তার তিন সন্তান রয়েছে।
সন্তান নেওয়া, না নেওয়া নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিরোধ চলছিলো বলে ওসি জানান।
যে ভবনে সাজ্জাদের লাশ পাওয়া গেছে, তা তারই। আর পাশের ভবনে এখন পরিবার নিয়ে থাকতেন সাজ্জাদ।
নিহতের ছেলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আখতারুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতে যখন বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তখন এদিক-ওদিক খোঁজাখুজির পর বাবার লাশ পাই।"
বাড়িতে এ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে তার মনেও খটকা রয়েছে। হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, সে সম্পর্কেও কোনো ধারণা নেই তার।
আখতার জানান, ঘটনার সময় বাড়িতে তার ছোট দুই বোন ছিলেন। তবে তিনি নিজে বাড়ির বাইরে ছিলেন।
সৎ মা কোথায় ছিলেন- জানতে চাইলে আখতার এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
সাজ্জাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জের দাগপুরে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৫০ ঘ.
bdnews24