সিলেট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারত করতে এসে বাবাকে হারিয়ে ফেলেছে কলকাতার শিলা আক্তার (১৩)।
সোমবার পুলিশ শিলাকে আদালতে হাজির করলে বিচারক তাকে সরকারি নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) পাঠানের আদেশ দেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের এক ব্যক্তি শিলাকে সিলেট রেলস্টেশনে একা কান্নারত অবস্থায় পেয়ে বাড়ি নিয়ে যান। দুদিন পর শিলা জানায়, সে তার বাবাকে হারিয়ে ফেলেছে।
সোমবার সকালে শিলাকে দক্ষিণ সুরমা থানা হেফাজতে দিলে পুলিশ আদালতে হাজির করে এবং বিষয়টি লিখিতভাবে আদালতে জানায়।
সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আমিরউদ্দিন শিলার বক্তব্য শুনে তার বাবা বা পরিবারের কোনো সদস্যকে না পাওয়া পর্যন্ত তাকে সরকারি নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বিকালে মেয়েটিকে সরকারি নিরাপত্তা হেফাজতে দেওয়া হয়েছে।
শিলার বরাত দিয়ে এসআই মুবাশ্বির জানান, তাদের বাড়ি কলকাতার শ্যামবাজারে। বাবা ফজলে দেওয়ান একজন ব্যবসায়ী।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারত করতে গত ১৫ মার্চ সে বাবার সঙ্গে কলকাতা থেকে ঢাকায় আসে। ১৭ মার্চ দুপুরের পরে বাবার সঙ্গে মাজারে যায়। জেয়ারত শেষে তার বাবা দরগাহ জামে মসজিদে নামাজ পড়তে যান। এরপর থেকে আর বাবাকে খুঁজে পায়নি।
ঢাকার নিউ মার্কেটে বাবার পক্ষের আত্মীয় থাকলেও এদের কারো নাম-ঠিকানা শিলা বলতে পারছে না বলে পুলিশকে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৮ ঘ.
bdnews24