ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সনদ অনুযায়ী বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের সংবিধানে এ বিষয়ে নাগরিকদের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
বিশ্ব পানি দিবস সামনে রেখে সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এ বিষয়টি তুলে ধরেন আলোচকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন আনুষদের সহযোগিতায় আন্তর্জাতিক সাহয্য সংস্থা ওয়াটারএইড এই সেমিনারের আয়োজন করে। জাতিসংঘ সনদের সঙ্গে বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলোর অসঙ্গতিগুলো তুলে ধরা হয় এই সেমিনারে।
এতে সভাপতিত্ব করেন ওয়াটারএইডের বাংলাদেশ প্রতিনিধি মো. কামরুল ইসলাম।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য 'নগরজীবনে পানি'।
সেমিনারে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, "যেহেতু সংবিধানে বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন সুবিধার বিষয়টি মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়নি, সেহেতু এখানে মানুষ এই অধিকারের দাবিতে আদালতেও যেতে পারে না।"
সংবিধান সংশোধনের সময় এ বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য দেশের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির সেমিনারে বলেন, তিনি এ বিষয়টি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নজরে আনবেন।
"বাংলাদেশেও পানি ও পয়নিষ্কাশন সুবিধা মানুষের মৌলিক অধিকার বিবেচিত হওয়া উচিৎ," যোগ করেন তিনি
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৮ কোটি ৪০ লাখ লোক বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত। পানি ও স্বাস্থ্যসম্মত পয়নিষ্কশান সুবিধার অভাবে বিভিন্ন রোগে ভুগে প্রতি বছর ১৫ লাখ শিশুর মৃত্যু হয়, যাদের বয়স ৫ বছর বা তার কম।
বর্তমানে বাংলাদেশে শহর এলাকাগুলোর মোট জনসংখ্যার ৩৫ শতাংশই বিভিন্ন বস্তিতে বসবাস করে। বিশুদ্ধ পানি বা স্বাস্থ্যসম্মত পায়খানার কথা তারা কল্পনাও করতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/০০৫৭ ঘ.
bdnews24