মাদারীপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার স্বজনদের হামলায় দুই পুলিশ আহত হয়েছে।
সোমবার কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড়ে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও কনস্টবল হাবিবুর রহমান।
তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হেদায়েত খাঁর (৩৫) বাড়ি ওই উপজেলার মেলকাই গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একধিক মামলা রয়েছে।
এসআই আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের একটি দল হেদায়েতকে পাথুরিয়ারপাড়ের একটি জঙ্গল থেকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে আসার সময় হেদায়েতের শ্বশুরবাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হেদায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় আজিজুর রহমান ও হাবিবুর রহমান আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ হেদায়েতকে থানায় নিয়ে যায়।
ওসি রফিকুল বলেন, পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে কালকিনি থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৭৫৮ ঘ.
bdnews24