২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের দুটি ভবন ও ঢামেক ভূমিকম্প ঝুঁকিমুক্ত হচ্ছে

ভূমিকম্পের মতো দুর্যোগ সহ্য করার মতো করে তৈরি করা হচ্ছে সচিবালয়ের দুটি ভবন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের মতো দুর্যোগ সহ্য করার মতো করে তৈরি করা হচ্ছে সচিবালয়ের দুটি ভবন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন। সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ কথা বলেন দুর্যোগ মন্ত্রী। প্রকল্পের আওতায় সচিবালয়ের ১ ও ৪ নম্বর ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে পুনঃশক্তিশালী করার মাধ্যমে ভূমিকম্প ঝুঁকিমুক্ত করা হবে। শিগগিরই এ কাজ শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ঢাকায় ভূমিকম্প হলে আহতদের হাসপাতালে নেওয়ার জায়গাও থাকবে না। "সব হাসপাতাল ঝুঁকিমুক্ত নয়। তাহলে ভূমিকম্প হলে আহতদের নেবো কোথায়", বলেন তিনি। একটি হাসপাতাল ঝুঁকিমুক্ত করা যথেষ্ট কি না- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "আমরা সবাই জানি, একটি হাসপাতাল ঝুঁকিমুক্ত হলেই হবে না। তারপরও আগে একটাই করা হোক।" সমঝোতা স্মারকটি সই হয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 'সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি-২) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর ও বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নগরের দুর্যোগঝুঁকি বিশেষজ্ঞ এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে ৭০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামে ৮ মাত্রার ভূমিকম্প হলে ১ লাখ ৪০ হাজার এবং সিলেটে একই মাত্রার হলে ২৪ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এসব ভবন ঝুঁকিমুক্ত করার জন্য বাংলাদেশে লোকবল ও কারিগরি প্রযুক্তির অভাব রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪১৪ ঘ.