গাইবান্ধা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলাবাজারে বিক্রির চাল (ওএমএস) পাচারের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা খাদ্য কর্মকর্তা ও এক ডিলারসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার প্রথম প্রহরে উপজেলার ঝিলপাড়াস্থ ডিলার সুজা ফারুক মিয়ার গুদাম থেকে সকলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
র্যাব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম জানান, উপজেলা খাদ্য গুদাম থেকে ওএমএস-এর চাল বোঝাই করে দু'টি ট্রাক উপজেলা সদরের ঝিলপাড়াস্থ সুজা ফারুক মিয়ার গুদামে আনা হয়। এখানে সরকারি ব্যাগ পরিবর্তন করে চালগুলো আবার পলিপ্যাকে ভরা হচ্ছিল।
তিনি জানান, এসময় র্যাব-৫ জয়পুরহাট ফাঁড়ির সদস্যরা খাদ্য কর্মকর্তা মো: আব্দুস সামাদ এবং ডিলার সুজা ফারুক মিয়াসহ ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, উপজেলার চক গোবিন্দপুরের তোফাজ্জল হোসেন (৪৮), মোনোয়ার হোসেন (৪২), আ: জোব্বার (২৫), পান্তা পাড়ার মোসলেম উদ্দিন-১ (৫০), বন্ধন কুটিরের মোসলেম উদ্দিন-২ (৪০), কুঞ্জ মালঞ্চপুরের সামাদ মিয়া ওরফে ভুট্টু (৪২), বালুঘড়ার জাহিদুল ইসলাম (৫০), উত্তর শোলাগাড়ীর বাদশা মিয়া (৪৮), ছোট সোহাগী গ্রামের নিয়াজ মোরশেদ (২৪), ফরিদুল ইসলাম (৩২) এবং বুজরুকবোয়ালিয়ার আব্দুর রাজ্জাক (৩০)।
দুই ট্রাকে সাড়ে পাঁচশ বস্তা আতপ চাল পাচার করা হচ্ছিলো বলে জানান তিনি।
গ্রেপ্তার ১৩ জনকে ভোররাতে পুলিশে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব-৫ এর উপ-সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24