২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলা: খালাস আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

সিরাজগঞ্জে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় খালাস পাওয়া আসামিকে আত্মসমপর্ণ করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় খালাস পাওয়া আসামিকে আত্মসমপর্ণ করতে বলেছে হাইকোর্ট। মামলার একমাত্র আসামি মো. আব্দুর রাজ্জাককে ২০০৯ সালের ১০ জুন খালাস দেয় বিচারিক আদালত। রোববার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাসানের বেঞ্চ তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়। একই সঙ্গে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের রায় স্থগিত করা হয়েছে। আসামিকে খালাস দেওয়া কেন অবৈধ হবে না- তাও জানতে চেয়েছে হাইকোর্ট। রাজ্জাকের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও মানবাধিকার সংগঠন অধিকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। আদালতে মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী বলেন, এই মামলার রায়ে সাক্ষ্য-প্রমাণ প্রতিফলিত হয়নি। এতে আক্রান্ত ব্যক্তি, তার স্বজন এবং চিকিৎসকদের বক্তব্য উপেক্ষিত হয়েছে। ২০০৮ সালের ১২ নভেম্বর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের আসমা খাতুনকে একই গ্রামের মো. আব্দুর রাজ্জাক এডিস ছুড়ে মারেন। এ ঘটনায় ১৩ নভেম্বর রায়গঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ২০০৯ সালের ১০ জুন রাজ্জাককে খালাস দেয় সিরাজগঞ্জের এসিড অপরাধ দমন আদালত। পরে ১৬ আগস্ট ওই রায় বাতিলে হাইকোর্টে আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৯৪১ ঘ.