নরসিংদী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস ছিটকে পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছে।
রোববার দুপুর ২টায় সদর উপজেলার বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
নরসিংদীর পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) আক্কাস উদ্দীন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি পেছন থেকে এসে পাশ কাটানোর সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায়।
একই সময় পেছনে থাকা দুটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। যাতে ওই দুটি বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
সব মিলয়ে আহতের সংখ্যা অন্তত ২৫। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি সড়কে থাকায় মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩৮ ঘ.
bdnews24