ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর দুটি মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশে কারা হেফাজতে তার চিকিৎসা চলবে ইউনাইটেড হাসপাতালে।
শাহ আলম রোববার পাঁচটি মামলায় ঢাকার দুটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে অন্য তিনটি মামলায় তার জামিন হয়েছে বলে তার আইনজীবী এহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, এর মধ্যে দুটি মামলা সরকারি ১৮টি বাড়ি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলা। আর একটি হলো সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০ কোটি টাকা ঘুষ দেওয়ার মামলা।
ওই তিন মামলার অন্য সব আসামি জামিনে আছেন বলে জানান এহসানুল।
যে দুটি মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে, তার একটি কর ফাঁকির এবং অন্যটি অবৈধভাবে মুদ্রা রাখার। দুই মামলায় তার সাজার আদেশ রয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই মামলার রায়ই হয় শাহ আলমের অনুপস্থিতিতে।
আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তির তথ্য গোপন করে কর ফাঁকির জন্য ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত শাহ আলমকে আট বছর সাজা দেয়।
কারাদণ্ডের সঙ্গে তার ৮ কোটি ৩০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা মামলাটি দায়ের করেন।
এ মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ।
একই আদালতে একটি ঘুষের মামলা এবং অন্য দুটি দুর্নীতির মামলায়ও শাহ আলম আত্মসমর্পণ করেন বলে তার আইনজীবী এহসানুল জানিয়েছেন। এ তিনটি মামলায় বিচারক জামিনের আদেশ দেন।
অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অপরাধে শাহ আলমের দুই বছর কারাদণ্ড হয় ২০০৮ সালের ৭ জুলাই। কারাদণ্ডের পাশাপাশি তার ১০ হাজার টাকা জরিমানাও হয়।
২০০৭ সালের বছর ৪ ফেব্র"য়ারি যৌথবাহিনীর সদস্যরা শাহ আলমের বাসা থেকে ১৪ লাখ ৩২ হাজার ৯২৯ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা এবং ৮ লাখ ৭৭ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করে।
ওই ঘটনায় গুলশান থানার উপ পরিদর্শক মো. ফারুক হোসেন ২০০৭ সালের ১৯ ফেব্র"য়ারি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
এ মামলায় শাহ আলম আত্মসমর্পণ করেন ঢাকা মহানগর ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল মাহতাব হোসেনের আদালতে।
শিল্পোদ্যোক্তা হিসেবে (সিআইপি) শাহ আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে আদালত কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে। শাহ আলমের আবেদনে চিকিৎসার জন্য আদালত তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়।
আদালতের আদেশের পর কারা হেফাজতে শাহ আলমকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24