ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছে।
শনিবার খিলক্ষেত, রামপুরা ও মোহাম্মদপুরে দুর্ঘটনায় ওই তিন জন মারা যান বলে পুলিশ জানিয়েছে।
রাতে খিলক্ষেত এলাকায় লোটাস কামাল টাওয়ারের সামনে গাড়িচাপায় নারগিস আক্তার (২৮) নামে এক গৃহকর্মী মারা যান।
রোববার ভোররাতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
মিনারা বেগম (৩৫) নামে এক পোশাক শ্রমিকের লাশ রামপুরা ডিআইটি রোড থেকে শনিবার রাতে মর্গে আসে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিনারা রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হন।
শনিবার সকালে মোহাম্মদপুর থানার কাছে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রাসেল (২০) নামে এক শ্রমিক মারা যান।
মোজাম্মেল বলেন, রাসেল ওই ট্রাকেরই শ্রমিক ছিলেন।
তিনটি লাশই মর্গে রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24