২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতিদেশে ফিরেছেন ২৯ হাজার বাংলাদেশি

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সহিংসতা শুরুর পর দেশটি থেকে এ পর্যন্ত ২৯ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সহিংসতা শুরুর পর দেশটি থেকে এ পর্যন্ত ২৯ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। "এদের মধ্যে তিন হাজার ২৮৭ জন এসেছেন তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এবং ২৪ হাজার ৭৭৫ জনকে পাঠানো হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ব্যবস্থাপনায়।" এ ছাড়া কেউ কেউ নিজ উদ্যোগেও দেশে ফিরেছেন। এর বাইরে মিশর থেকে বিমানের ফ্লাইটে এক হাজার ৪৩৭ জন দেশে এসেছেন। শুক্রবার মিশর থেকে ফিরে এসেছেন বাংলাদেশি চিকিৎসক শাহেদুর রহমান চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, জীবনের ঝুঁকির কারণে তাকে ফিরতে হয়েছে। "বেনগাজি এলাকায় এখন পরিস্থিতি অনেকটা শান্ত। সীমান্ত অতিক্রম করতে আমাদের তেমন সমস্যা হয়নি।" মিজারুল কায়েস বলেন, মূলত ত্রিপোলি অঞ্চলেই বেশি সমস্যা। লোকজন ওই এলাকা থেকে তিউনিসিয়া যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। এদিকে, আল সালউম সীমান্ত এলাকা থেকে সব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া তিউনিসিয়া সীমান্তে মোট তিন হাজার ২৫৬ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। আলজেরিয়ায় আটকে পড়া ২১২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে রোববার ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান মিজারুল কায়েস। তিনি বলেন, বাকি ৪৫ জনের কাগজপত্রে সমস্যা থাকায় আনা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গ্রিসের ক্রিট দ্বীপে সাগরে লাফিয়ে পড়ে নিহত বাংলাদেশিদের লাশ দেশে পাঠানোর জন্য দেশটির বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মিজারুল। "সাগরে লাফিয়ে পড়ে ওই নয় বাংলাদেশির মৃত্যু হয়। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" গত ৫ মার্চ ৪৯ বাংলাদেশি গ্রিসে ঢোকার জন্য জাহাজ থেকে লাফিয়ে পড়েন। এ ঘটনায় দুজন এখনো নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে তিনজনের লাশ দেশে পাঠানো হয়েছে। সচিব জানান, জাপানের পরিস্থিতি উন্নতির পথে এবং সরকারের পর্যবেক্ষণে রয়েছে। মিজারুল বলেন, জাপানে বাংলাদেশ দূতাবাস টোকিওর পূর্বাবস্থান থেকেই পরিচালিত হচ্ছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছিলেন, জাপান দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তেজস্ক্রিয়ার আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশিদের। নিয়মিত সফরে এসেছেন ব্লেক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সফরকে নিয়মিত সফর হিসাবে অভিহিত করেছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, গত দেড় বছরের মধ্যে এটি বাংলাদেশে তার তৃতীয় সফর। আমি এবং পররাষ্ট্রমন্ত্রীও ওয়াশিংটনে তার সঙ্গে দেখা করেছি। চারদিনের সফরে শনিবার ঢাকা এসেছেন ও ব্লেক। সফরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও এ অঞ্চলে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। আগামী ২৩ মার্চ তিনি ঢাকা ছাড়বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০০৬ ঘ.