২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে 'আদিবাসী জনগোষ্ঠী' নামে স্বীকৃতির দাবি

সংবিধানে 'উপজাতি' বা 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর' বদলে 'আদিবাসী জনগোষ্ঠী' শব্দবন্ধটি ব্যবহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'উপজাতি' বা 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর' বদলে 'আদিবাসী জনগোষ্ঠী' শব্দবন্ধটি ব্যবহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, "জাতীয় সংসদে, বাজেটে, নির্বাচনী ইশতেহারে সচেতন নাগরিকরা আদিবাসীদের 'আদিবাসী' হিসেবেমফ অভিহিত করেন। তাহলে সংবিধানে শব্দটি অন্তর্ভুক্ত করলে সমস্যা কোথায়?" তিনি বলেন, "আদিবাসী বলতে 'প্রথম বা আদি অধিবাসী' বোঝায় না। যারা দীর্ঘদিন ধরে একটি অঞ্চলে নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক হয়ে বসবাস করেন এবং যারা মূল স্রোতধারার জনগোষ্ঠীর চেয়ে প্রান্তিক অবস্থানে রয়েছেন, তাদের আদিবাসী হিসেবে আখ্যায়িত করা হয়। "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলা হলে আদিবাসীদেরকে খাটো করে দেখা হবে। এ ধরনের পরিভাষা পৃথিবীর অন্য কোনো দেশে প্রচলিত নেই।" আদিবাসীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরীন বলেন, "আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করলে দেশের মানুষের কোনো সমস্যা নেই। সমস্যা হলো সেনাবাহিনীর।" মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী উইমেন নেটওয়ার্কের আহ্বায়ক চৈতালি চাকমা, কাপাইং ফাউন্ডেশনের সহ-সভাপতি দীপায়ন খীসা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালেহ আহমদ ও সাংবাদিক সেলিম সামাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/১৪৫৪ ঘ.