চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হয়েছে শুক্রবার।
বিকালে নগরীর ডিসি হিল চত্বরে উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত এ উৎসবের শ্লোগান হচ্ছে- 'রুদ্ধদ্বারে আঘাত করে মুক্ত করো প্রাণ'।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, লেখক-অধ্যাপক ড. মাহবুবুল হক, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সাইদুর রহমান হিলালী।
প্রমা'র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার আহবান জানান।
পরে কবি নির্মলেন্দু গুণ ও চট্টগ্রামের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু, কুষ্টিয়ার সাঁইয়ের বাউল দল ও সঙ্গীত ভবন। আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংসদ।
সংগঠনের ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের স্বাধীনতা উৎসবের শেষ দিন শনিবার রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫৮ ঘ.
bdnews24