২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি'র নারী জাগরণ যাত্রা দল এখন চট্টগ্রামে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী জাগরণ যাত্রা দল শুক্রবার চট্টগ্রাম পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী জাগরণ যাত্রা দল শুক্রবার চট্টগ্রাম পৌঁছেছে। মুক্তির ডাক এবং শোষিত-নিপীড়িত নারীদের জেগে ওঠার আহবান জানিয়ে এই যাত্রা দল চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে। ঢাকা থেকে শুক্রবার বিকালে নগরীর শহীদ মিনারে আসা দলটিকে স্বাগত জানান সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির নেতা-কর্মীরা। এরপর একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে বক্তারা নারীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নারীর প্রতি সমাজ, সমাজের মানুষ এবং রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের আহবান জানান। এছাড়া নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফী, প্রবীণ শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী, অধ্যাপিকা এ এন রাশেদা, সিপিবি'র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী, মো. শাহ আলম, সিপিবি'র কেন্দ্রীয় সদস্য লীনা চক্রবর্তী, রেখা চৌধুরী প্রমুখ। আর্ন্তজাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে সিপিবি'র উদ্যোগে নারী জাগরণ যাত্রার দল দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছে। শনিবার দলটি কক্সবাজার- টেকনাফ হয়ে আবার ঢাকা ফিরে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২০ ঘ.