ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক চারদিনের সফরে শনিবার ঢাকা আসছেন।
সফরকালে তিনি সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এ অঞ্চলে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এছাড়া রবার্ট ব্লেক বেনাপোল সফর করবেন। সেখানে তাকে অভিবাসন ও পাচার সংক্রান্ত বিষয়াদি ব্রিফ করা হবে। পরে তিনি যশোরে আমেরিকান কর্নারে শিক্ষার্থী ও সাংবাদিকদের মুখোমুখি হবেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দিনব্যাপী 'রিজিওনাল স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ'-এ অংশ নেবেন।
আগামী ২৩ মার্চ তিনি ঢাকা ছাড়বেন।
এর আগে ২০০৯ সালের জুনে এই মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করেন।
ওই বছরের মে মাসে রবার্ট ব্লেক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের একজন পেশাদার কর্মকর্তা। ১৯৮৫ সালে ব্লেক পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া ও মিশরে যুক্তরাষ্ট্র দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রদূত ব্লেক ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে তুরস্ক বিষয়ক সিনিয়র ডেস্ক কর্মকর্তা, উপনির্বাহী সচিব এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির নির্বাহী সহকারিসহ বেশ কিছু পদে অধিষ্ঠিত ছিলেন।
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতের নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র মিশনে উপপ্রধান হিসেবে এবং ২০০৬ থেকে ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত শ্রীলংকা ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন ব্লেক।
তিনি ১৯৮০ সালে হার্ভার্ড কলেজ থেকে বিএ এবং ১৯৮৪ সালে জনস হপকিন্স স্কুল অব এডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২০৩৬ ঘ.
bdnews24