বরিশাল, ১৭ মার্চ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সে দেশের সহায়তায় বাংলাদেশে পরিচালিত উন্নয়ন প্রকল্পের কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম বুলবুল।
জাপানের রাস্ট্রদূত তামাৎসু ইনোৎসুকে উদ্ধৃত করে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জাপান সরকার যেসব চুক্তি করেছে, তা থেকে পিছু হটবে না।"
আমিরুল ইসলাম জানান, বাংলাদেশের উন্নয়নের জন্য জাপান সরকারের বরাদ্দ দেওয়া তহবিলে (জেডিসিএফ) যে অর্থ আছে তা দিয়ে ৪/৫ বছর এসব প্রকল্প অব্যাহত রাখা যাবে।
তিনি বলেন, "যত বিপর্যয়ই আসুক, পদ্মা সেতু নির্মাণের জন্য যে অর্থ সহায়তা দেওয়ার কথা, সেই প্রতিশ্র"তি থেকেও নড়বে না জাপান।"
জাপান সরকার স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে সাড়ে ৬ বিলিয়ন ডলার সহায়তা হিসেবে দিয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে জাপান সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৯০৩ ঘ.
bdnews24