২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হেলে পড়েছে সাত তলা ভবন

নারায়ণগঞ্জ শহরের তোলারাম মোড়ে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। এর প্রভাবে পাশের একটি একতলা ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। দেবে গেছে ভবনের সামনের সড়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের তোলারাম মোড়ে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। এর প্রভাবে পাশের একটি একতলা ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। দেবে গেছে ভবনের সামনের সড়ক। আতঙ্কে ভবন দু'টির বাসিন্দারা অন্যত্র সরে গেছে। বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ পৌরসভার প্রকৌশলীরা ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছেন। তারা বলছেন, দুই তলার অনুমোদন নিয়ে ফাউন্ডেশন ও পাইলিং ছাড়াই ভবনটি সাত তলা করা হয়েছে। শীতলক্ষ্যা মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী শাহজাহান সুকুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকেল থেকেই ভবনটি হেলে পড়তে শুরু করে। রাতে ভবনের একাংশ দেবে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে চলে গেছে।" এলাকার বাসিন্দারা জানান, ২০ বছর আগে ব্যবসায়ী রিয়াজুদ্দিন এখানে দুই তলা ভবন নির্মাণ করেন। ৮ বছর আগে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি ভবনটি কিনে তা সাত তলা বর্যন্ত বাড়ান। নারায়ণগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিকানা হস্তান্তরের পর কোনো ফাউন্ডেশন ও পাইলিং ছাড়াই সেটি সাত তলা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এতে পৌরসভার কোনো অনুমোদন নেওয়া হয়নি।" রোববার ভবনটির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাত তলা ভবনের পাশে ক্ষতিগ্রস্থ একতলা ভবনটির মালিক আব্দুল হামিদ খান বলেন, "ইতোপূর্বে সাত তলা ভবনের মালিককে বিষয়টি অবহিত করার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।" এ ব্যাপারে হেলে পড়া ভবনের মালিক মফিজুল ইসলাম সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, এব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৪ ঘ.