গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মজুরি না বাড়ানোয় বৃহস্পতিবার গাজীপুর সদরের হোতাপাড়ায় একটি পোশাক কারখানার মালামালে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হোতাপাড়া এলাকার গিভেন্সি গ্র"পের 'জাহিন টেক্স' নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় দমকল বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গাজীপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎপাদন মুজরি বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতিসহ আন্দোলন করে আসছে। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কারখানায় এসে বিক্ষোভ শুরু করে তারা।
তিনি জানান, এক পর্যায়ে কারখানার নিচতলায় থাকা তৈরি পোশাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নেভায় গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা।
গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, আগুনে কারখানার নিচতলার তৈরি পোশাকগুলো পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত মালামালের মূল্য তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24