আগরতলা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগরতলা বিমানবন্দর থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের একটি গোয়েন্দা সংস্থা।
পরে তাদের পুলিশে সোপর্দ করে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) কর্মকর্তরা।
চার বাংলাদেশি হলেন- নূর উদ্দিন কাজী, মো. ফারুক শেখ, কামাল শেখ ও নোমান শেখ। তাদের বাড়ি নোয়াখালী ও চাঁদপুর জেলায়।
বুধবার স্থানীয় একটি আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ত্রিপুরা পুলিশের উপ-মাহপরিদর্শক (ডিআইজি) বি কে রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই চারজন জিজ্ঞাসাবাদে বলেছেন- বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিবঙ্গে ঢুকে সেখান থেকে কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিলেন তারা।"
মুম্বাই থেকে কলকাতা হয়ে একটি বিমানে করে এ চারজন আগরতলা পৌঁছান। আগরতলা থেকে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা।
ওই চারজন কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে বি কে রায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৫০ ঘ.
bdnews24