২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদউল্লাহ হত্যা: আরো ৪ জন গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে চালকসহ আওয়ামী লীগ নেতা মোহাম্মদউল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো চার জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে চালকসহ আওয়ামী লীগ নেতা মোহাম্মদউল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো চার জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন- জাকির হোসেন (২৮), শরিফুল ইসলাম শরিফ (২৫), শাহ আলম হাওলাদার (৩০) ও জুম্মন (১৯)। এ নিয়ে এ মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হলো। মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শ্যামপুর ও কদমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবির উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বড় অংকের টাকার বিনিময়ে মোহাম্মদউল্লাহকে হত্যা করানো হয়েছে। গ্রেপ্তারকৃতরাই সেদিন গুলি চালিয়ে তাদের হত্যা করে। হত্যা পরিকল্পনার সমন্বয় করেছে দক্ষিণ আফ্রিকায় থাকা সন্ত্রাসী ইমন ও ভারতে থাকা কাইল্যা আমির।" গ্রেপ্তারকৃত জাকির হোসেন বুধবার বিকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে ইমন নামের একজনের নির্দেশে সে হত্যাকাণ্ডে অংশ নেয়। শ্যামপুরে তার বাসায় খুনের পরিকল্পনা হয়। সে অনুযায়ী ২১ ফেব্র"য়ারি মোহাম্মদউল্লাহকে হত্যার চেষ্টাও করা হয়। কিন্তু সেদিন তারা সফল হননি। "২৩ ফেব্র"য়ারি বিকালে কমিশনার রোডে ফের চেষ্টা চালিয়ে চালকসহ মোহাম্মদউল্লাহকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে মোট ছয় জন অংশ নিয়েছিলো" এর আগে র‌্যাব জাভেদ হোসেন ওরফে প্রিন্স ও আরিফ হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করে। তারাও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। শরিফুল সাংবাদিকদের বলেন, ৮৯ নম্বর ওয়ার্ডের নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যার পরিকল্পনা করা হয়। কমিশনার পদে নির্র্বাচন করা নিয়ে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে মোহাম্মদউল্লাহর বিরোধ চলছিলো। উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, "হত্যার পরিকল্পনায় স্থানীয় কয়েকজন নেতাও জড়িত রয়েছেন। তারাই টাকার যোগান দিয়েছেন।" অবশ্য ওই নেতাদের নাম জানাতে রাজি হননি তিনি। "তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে," বলেন উপ-কমিশনার মনিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/২৩০১ ঘ.