২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহবাইতুল ইজ্জতে ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত রাইফেলস (বর্তমানে বিজিব) ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত রাইফেলস (বর্তমানে বিজিব) ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ তে মঙ্গলবার সকাল ৯টায় এই অভিযোগ গঠন করা হয়। বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলামের সভাপতিত্বে এই বিশেষ আদালতের কার্যক্রম বুধবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হবে।" তিনি বলেন, আদালত অভিযোগ সম্পর্কে ১৫৩ জন বন্দির মতামত জানতে চাইলে ১১ জন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে। বাকি ১৪২ জন নিজেদের নির্দোষ দাবি করেছে। গত ৬ মার্চ একই আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়েছিল। এই আদালতের চার সদস্যের বিচারক প্যানেলের অপর তিনজন হলেন লে. কর্নেল মো. আবদুর রউফ, মেজর এম এ রাকিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পর তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারসহ দেশের বিভিন্ন স্থানে জওয়ানরা বিদ্রোহ ঘোষণা করে। ওই রক্তক্ষয়ী বিদ্রোহের পর বিডিআরের নাম পরির্বতান করে বিজিবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২৩১৬ ঘ.