২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ দিয়ে ট্রান্সশিপমেন্ট শুরু ২০ মার্চ

ভারতের ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের জন্য কলকাতা থেকে আসা যন্ত্রপাতি আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্তে পাঠানোর কাজ আগামী ২০ মার্চ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের জন্য কলকাতা থেকে আসা যন্ত্রপাতি আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্তে পাঠানোর কাজ আগামী ২০ মার্চ শুরু হবে। এসব যন্ত্রপাতি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়েছি। অনুমতি পাওয়া গেলে ২০ মার্চ থেকেই পরিবহনের কাজ শুরু হবে।" পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রপাতি নিয়ে গত ২২ ফেব্র"য়ারি কলকাতা থেকে দুটি নৌযান ভারত ছাড়ে। কয়েকদিন আগে নৌযান দুটি আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায় বলে ওএনজিসি ত্রিপুরা কম্পানির ভারপ্রাপ্ত কর্মকর্তা কে শ্রীনিবাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত বছর আশুগঞ্জ বন্দরকে 'পোর্ট অব কল' ঘোষণার পর বাংলদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের (ট্রান্সশিপমেন্ট) প্রথম চালান হবে এটি। গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আগামী জুনের মধ্যে আমরা মোট ৯৬টি চালান নিয়ে যাবো। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।" প্রতিটি চালানের ওজন ২০ থেকে ২৮৫ টন হবে বলে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালের অক্টোবরে ৪৫০০ কোটি রুপির পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু রেলপথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে থেকে ত্রিপুরার পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণা করে বাংলাদেশের ওপর দিয়ে এসব যন্ত্রপাতি স্থানান্তরের বিষয়ে সমঝোতা হয়। পরবর্তীতে একটি আনুষ্ঠানিক চুক্তিও হয় এ বিষয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/জেকে/২২২৯ ঘ.