২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি উৎপাদন ও সঞ্চালন: ফি কমানোর উদ্যোগ

বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও পেট্রোলিয়ামজাতীয় পদার্থ সঞ্চালন, বিতরণ, সরবরাহ এবং মজুদকরার জন্য লাইসেন্সের আবেদন ও নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও পেট্রোলিয়ামজাতীয় পদার্থ সঞ্চালন, বিতরণ, সরবরাহ এবং মজুদকরার জন্য লাইসেন্সের আবেদন ও নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ জন্য লাইসেন্স প্রবিধানমালা-২০০৬ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সচিব খুরশীদ আলম। সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবিধানমালা সংশোধনের জন্য সোমবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে উন্মুুক্ত সভা হয়। সভায় লাইসেন্স প্রবিধানমালা-২০১০ নামে একটি প্রস্তাব কমিশনের কাছে উপস্থাপন করা হয়।" খুরশীদ আলম জানান, এ প্রস্তাবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের আবেদন ফি মেগাওয়াট প্রতি পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে এককালীন ১০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া লাইসেন্স ফি ধরা হয়েছে মেগাওয়াট প্রতি দুই হাজার টাকা এবং নবায়ন ফি পাঁচশ টাকা। ক্যাপটিভ (ক্ষুদ্র) বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স ফি পাঁচ হাজার টাকা এবং নবায়ন ফি ২ হাজার টাকা ধরা হয়েছে এ প্রস্তাবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) মজুদ করার জন্য লাইসেন্স ফি ৫০ হাজার টাকা এবং নবায়ন ফি ২০ হাজার টাকা নির্ধারণ করতে বলা হয়েছে। এছাড়া ধারণ ক্ষমতার ওপর ভিত্তি করে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ মজুদের লাইসেন্স ফি ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। নবায়ন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। খুরশীদ আলম বলেন, "আগামী ২১ মার্চ পর্যন্ত এই প্রস্তাবের ওপর সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। পরে প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০৫০ ঘ.