ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গণনাভুক্ত করার মাধ্যমে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণনাভুক্ত করা হবে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে।
পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে। এতে মোট ব্যয় হবে দুশ ৫৩ কোটি টাকা। চার মাসের মধ্যে গণনার প্রাথমিক হিসাব প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে দেড় বছরের মধ্যে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশকে একশ ৩০টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। একজন জেলা শুমারি সমন্বয়কারী ওই এলাকার কাজ তদারক করবেন। তার অধীনে ২০-২২টি অঞ্চল করা হয়েছে। দুহাজার সাতশ অঞ্চল সমন্বয়কারী নিজ নিজ অঞ্চলের কাজ তদারক করবেন।
পুরো দেশকে তিন লাখ ১০ হাজার গণনা এলাকায় ভাগ করা হয়েছে জানিয়ে পরিকলল্পনামন্ত্রী বলেন, গণনা কাজে তিন লাখ ১০ হাজার গণনাকারী ও ৫৭ হাজার সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। শুমারির কাজ সমাপ্ত করার জন্য মোট চার লাখ জনবল নিয়োজিত থাকবে।
ছিটমহলগুলোর জনসংখ্যা আদমশুমারির আওতায় আসবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
"সরকারের তালিকায় থাকা ২৭টি নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত করা হবে। এ তালিকার বাইরে কাউকে পাওয়া গেলে তাদেরও গণনা করা হবে। এজন্য তথ্য সংগ্রহের ফরমে একটি আলাদা ঘর রাখা হয়েছে।"
শুমারির তথ্য সংগ্রহের ফরমে মোট ২৫টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে খানা সংক্রান্ত ১১টি ও ব্যক্তি সংক্রান্ত ১৪টি প্রশ্ন রযেছে।
গণনা এলাকা নির্ধারণের জন্য স্পার্সোর মাধ্যমে পাওয়া মানচিত্র ব্যবহার করা হচ্ছে জানিয়ে একে খন্দকার বলেন, গণনাকারী তার গণনা এলাকার মানচিত্র ধরে কাজ করবেন। এর ফলে কেউ গণনা থেকে বাদ যাবেন না বা কেউ পুনরায় গণনার মধ্যে পড়বে না।
গণনার মাধ্যমে দেশের নারী পুরুষের সংখ্যা, বয়স, বৈবাহিক অবস্থা, ধর্ম, গোত্র, কাজের ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া কতটি কী ধরনের ঘর আছে, এসব বাড়িতে পয়ঃব্যবস্থা কী ধরনের, খাবার পানির উৎস, বিদ্যুৎ সংযোগ আছে কি না- এসব তথ্য আদমশুমারির মাধ্যমে জানা যাবে।
সংবাদ সম্মেলনে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ /পিডি/১৯১০ ঘ.
bdnews24