মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তির পর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বাংলাদেশের খেলার খবরও জানতে চেয়েছেন জাহান মণির সর্বকনিষ্ঠ নাবিক শাহরিয়ার রাব্বী।
ছেলের সঙ্গে কথা বলার পর শাহরিয়ারের মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
৯৯ দিন সোমালিয়ায় জলদস্যুদের আস্তানায় আটকে থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিটে মুক্ত হয় জাহান মণি। শাহরিয়ারসহ ২৬ জন বাংলাদেশি নিয়ে জাহাজটি এখন ওমানের পথে রয়েছে। ওমান থেকে ১০ থেকে ১২ দিনের মধ্যে বাড়ি ফিরবেন শাহরিয়ারসহ অন্যরা।
সোমবার সকালে মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপার্স নাবিকসহ জাহাজের মুক্তির খবর জানালে অন্য নাবিকদের স্বজনের মতো চট্টগ্রামের বিলকিস রহমানও টেলিফোনে কথা বলেন ছেলের সঙ্গে।
দুপুর সাড়ে ১২টায় যখন তাদের কথা হয় তখন চট্টগ্রামেই বিশ্বকাপের খেলায় নেদারল্যান্ডসের সঙ্গে লড়ছে বাংলাদেশ। তখন বাংলাদেশি স্পিনাররা নাস্তানাবুদ করছিলো ডাচ ব্যাটসম্যানদের।
ডেক ক্যাডেট শাহরিয়ার মায়ের সঙ্গে টেলিফোনে আট মিনিট কথা বলেন।
বিলকিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আল্লাহর হাজার শুকরিয়ায় আমার ছেলেসহ অন্যরা মুক্ত হয়েছে। তার সুস্থ হয়ে ফিরে আসার প্রতীক্ষায় আছি।"
"সে খেলার খবরও জানতে চেয়েছিলো, শুনে খুব খুশি হয়েছে", বলেন তিনি।
এ খেলায় পরে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছে। এর মধ্য দিয়ে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন টিকে থাকলো।
গত ৫ ডিসেম্বর আরব সাগরে জাহান মণি ছিনতাই হয়। ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি স্থানে জাহাজটি নোঙর করে জলদস্যুরা।
জাহান মণির নাবিকদের স্বজনরা এখন প্রিয়জনের ফেরার অপেক্ষায় রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24