২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারের ছাদে কক্ষ বরাদ্দ স্থগিতের নির্দেশ

সুপ্রিম কোর্ট বার ভবনের ছাদে নির্মাণাধীন টিনশেড স্থাপনার কক্ষ বরাদ্দ ও এজন্য অর্থ গ্রহণ আগামী তিন মাস স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট বার ভবনের ছাদে নির্মাণাধীন টিনশেড স্থাপনার কক্ষ বরাদ্দ ও এজন্য অর্থ গ্রহণ আগামী তিন মাস স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের আগে শুনানির সময় আদালতে তুমুল হইচই হয়। এক পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে একদল আইনজীবী হাইকোর্ট বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে স্লোগান দিতে দিতে আদালত কক্ষ ত্যাগ করেন। আদালতের আদেশে 'কেন ওই স্থাপনার নির্মাণ বন্ধে নির্দেশ দেওয়া হবে না' মর্মে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ কমিটির ১৪ সদস্যকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়াও নির্মাণকারী প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজকে ওই স্থাপনার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অননুমোদিত স্থাপনা নির্মাণ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলামকে সোমবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট। এর আগে সকালে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সাত কর্মকর্তা আদালতে হাজির হন। তারা হলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক হোসেন, রাজউকের প্রধান ইমারত পরিদর্শক কে এম নজরুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভূঁঞা এবং হাইকোর্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান। এ সময় দেওয়ান মো. ইয়ামিন আদালতকে জানান, কোর্টের নির্দেশ অনুযায়ী তারা নির্মাণকাজ বন্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু আইনজীবীদের প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, গণপূর্ত অধিদপ্তর আইনজীবী সমিতির ভবনটি নির্মাণ করেছিল। নকশা অনুযায়ী ভবনটি তিন তলা হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ছাদে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। নতুন করে আরো স্থাপনা নির্মাণ করা হলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক বদরুদ্দোজা বাদলের নেতৃত্বে একদল আইনজীবী আদালতে এসে ওই স্থাপনা নিয়ে কথা বলতে চান। আদালত তাদেরকে সোমবারের শুনানিতে এসে কথা বলতে বলে। এক পর্যায়ে আদালতে বক্তব্য দিতে শুরু করেন সমিতির সম্পাদক বদরুদ্দোজা বাদল। তখন আদালত বলে, "আপনারা কেউ আইনের উর্ধ্বে নন। আপনারাতো আইনজীবী। আইন রক্ষা করা আপনাদের কাজ।" বদরুদ্দোজা প্রশ্ন তোলেন- ইতিমধ্যে নির্মিত ১০০টি দোকান নিয়ে আদালত কোনো কথা বলছে না কেন? সেগুলো কি বৈধ হয়ে গেছে? এ সময় আইনজীবীরা ওই বেঞ্চের সঙ্গে তুমুল বাক-বিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে বদরুদ্দোজা বাদল বলেন, "এই কোর্টের প্রতি আমাদের আস্থা নেই। আপনি এ মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন।" পরে সমিতির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে আইনজীবীরা স্লোগান দিতে দিতে আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন। আদালতের করিডোরে এসেও তারা বিভিন্ন স্লোগান দেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন জানান, ওই টিনশেড স্থাপনা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তাদের কথা হয়েছে। এ বিষয়টি এখন প্রধান বিচারপতির এখতিয়ারাধীন। এছাড়া তারা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে এসেছেন। তাই এ বিষয়ে আবার আদেশ দেওয়া আদালতের ঠিক হয়নি। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "তিন কারণে ওই টিনশেড স্থাপনার নির্মাণকাজ চলতে পারে না। এতে ভবনটির সৌন্দর্য নষ্ট হবে, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, কাজটি গণপূর্ত অধিদপ্তরের অনুমতি না নিয়ে করা হচ্ছে ও আদালতের আপত্তিও তারা মানছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রধান বিচারপতির সঙ্গে তাদের (সুপ্রিম কোর্ট বার নেতাদের) প্রশাসনিকভাবে যোগাযোগ হয়েছে। এতে বিচারিক কার্যক্রম চলতে কোনো বাধা নেই।" সুপ্রিম কোর্ট বার ভবনের ছাদে গত ১৫ জানুয়ারি টিনশেড স্থপনার নির্মাণ কাজ শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এরপর গত ৬ মার্চ হাইকোর্ট এক স্ব-প্রণোদিত আদেশে 'কেন অবৈধ স্থাপনা ভাঙার আদেশ দেওয়া হবে না' মর্মে রুল জারি করে। আদালত একইসঙ্গে ওই টিনশেড ঘরের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একদল পুলিশ ওই টিনশেড ঘর ভাঙতে গিয়ে আইনজীবীদের তোপের মুখে ফিরে যায়। এরপর ১০ মার্চ ওই স্থপনার নির্মাণকাজ বন্ধে আদালতের নির্দেশ পালন না করায় গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সাত কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২০৩৩ ঘ.