২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের আমানত ৪ কোটি টাকা বাড়লো

দীর্ঘ ২৭ বছর পর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত চার কোটি টাকা বাড়িয়ে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৭ বছর পর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত চার কোটি টাকা বাড়িয়ে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। খ্রিস্টান রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট (সংশোধন) বিল- ২০১১ পাস হওয়ায় এই ট্রাস্টের স্থায়ী আমানতের পরিমাণ এক কোটি থেকে বেড়ে পাঁচ কোটি টাকা হবে। সংসদের রোববারের অধিবেশনে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বিলটি উত্থাপন করেন। পরে তা কন্ঠভোটে পাস হয়। এর আগে, গত ৭ ফেব্র"য়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। পরে তা আরো যাচাই-বাছাইয়ের জন্য এক মাসের সময় দিয়ে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানতের পরিমাণ ১৯৮৩ সাল থেকে এক কোটি টাকাই বহাল ছিল। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সংশোধনের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নির্ধারিত স্থায়ী আমানতের পরিমাণ কয়েক দফা বাড়ানো হয়েছে। এর মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমানত দুই কোটি টাকা থেকে বাড়িয়ে ১৬ কোটি ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমানত এক কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা করা হয়। এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত পাঁচ কোটি টাকায় উন্নীত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/১৮১৯ঘ.