ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে বোমা পুঁতে রাখার মামলায় সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ আগামী ২০ মার্চ ধার্য্য করা হয়েছে।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এই তারিখ ধার্য্য করেন।
রোববার মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ আদালতে কোনো সাক্ষী হাজির পারেনি। মামলার প্রধান আসামি মুফতি হান্নানকে ঢাকার বাইরে অন্য আরেকটি মামলায় হেফাজতে নেওয়া হয়েছে। তাই তাকে এ আদালতে হাজির করা যায়নি।
অথচ এ ধরনের মামলার বিচার শেষ করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে ১৩৫ কার্যদিবস বেঁধে দেওয়া রয়েছে। এ সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে না পারলে মামলাটি আবারো পুরানো আদালতে ফিরে যাবে।
ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের কর্মচারী নজরুল ইসলাম এবং পেশকার ইফতেখার আলী ভূইয়া কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত মাস ধরে এ আদালতে বিচারক নেই। ভারপ্রাপ্ত বিচারক দিয়ে আদালত চলছে।
জনগুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও আলোচিত হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
তিন নম্বর আদালতে একজন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করা হয়।
পরে গত বছরের ১১ অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য্য দিনে মামলাটি বিশেষ অসুবিধার কারণ দেখিয়ে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গোপালগঞ্জে ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলাসহ দুই মামলা একই আদালতে চললেও সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
তিন নম্বর আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান গত ১৭ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, চেষ্টা করলে অবশ্যই সাক্ষী আনা যাবে। সাক্ষী আনতে দুই নম্বর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সামশুল হক বাদলকে তিনি সাহায্য করবেন।
২০০০ সালে মামলাটি দায়ের হওয়ার পর গোপালগঞ্জের ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে চাঞ্চল্যকর বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হয়।
এ মামলার ২৫ আসামির মধ্যে মুফতি হান্নানসহ ৯ আসামি কারাগারে, ১ জন জামিনে এবং ১৫ জন পলাতক রয়েছে।
২০০০ সালের ২০ জুলাই শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি দোকানের সামনে পুঁতে রাখা ৭৬ কেজি বোমা উদ্ধার করা হয়।
এর দুই দিন পরে ওই মহাবিদ্যালয়ের মাঠে একটি জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
এ মামলায় গোপালগঞ্জের আদালতে রাষ্ট্রপক্ষে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
দুই নম্বর আদালতের বিচারক না থাকায় মামলা এ আদালতে স্থানান্তরিত হওয়ার অনেক পরে ১৩ ডিসেম্বরে ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানমকে দিয়েই বিচারকাজ শুরু করা হয়।
কিন্তু পরে তিনিও বদলি হয়ে ঢাকার বাইরে চলে যাওয়ায় বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নথি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/কেএমএস/১৬১৭ ঘ.
bdnews24