২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় ইউনূসের পক্ষে মানববন্ধনে হামলা

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচিতে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংকের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

কিশোরগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচিতে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংকের কর্মীরা। শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের কলেজ সড়কে মানববন্ধনে অংশ নিতে জড়ো হয় গ্রামীণ ব্যাংকের পাকুন্দিয়া কার্যালয়ের অধীন ১০টি শাখার ৭/৮শ সদস্য, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারী। গ্রামীণ ব্যাংকের পাকুন্দিয়া অঞ্চলের ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর কৃষক লীগের উপজেলা শাখার সাবেক সভাপতি বাবুল আহমদ ও ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১৫ জন যুবক লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। তারা ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। হামলার কারণে ওই কর্মসূচি পণ্ড হয়ে যায় বলে গ্রামীণকর্মীরা জানান। পাকুন্দিয়া থানার ওসি মো. মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অভিযোগের বিষয়ে কৃষক লীগ নেতা বাবুল ও ছাত্রলীগ নেতা শফিকুলের সঙ্গে জানতে চাওয়া হলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে বলায় মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। হামলা কিংবা ব্যানার-ফেস্টুনে আগুন দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন তারা। পদে থাকার নির্ধারিত বয়সসীমা ছাড়িয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেও হেরে যান ইউনূস। তবে তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি। ইউনূসের পক্ষে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করছে গ্রামীণকর্মীরা। তবে শুক্রবার বরিশালে ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায়। এদিকে পাকুন্দিয়ায় কর্মসূচি পণ্ড হলেও কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এছাড়া জয়পুরহাট, পাবনায়ও শুক্রবার ইউনূসের পক্ষে মানববন্ধন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬০০ ঘ.