ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর ও নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি দোকান। নোয়াখালীর চাটখিলে পোড়ে ১৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান, শনিবার সকাল ৬টার দিকে ফরিদগঞ্জের কালিরবাজারে আগুন লাগে।
দমকল বাহিনীর চাঁদপুর (উত্তর) স্টেশনের কর্মী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি আইসক্রিম কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।
১৫টি দোকান পুড়লেও এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মুদি দোকান ও কাঁচামালের দোকান। ব্যবসায়ীরা দাবি করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। তবে দমকল বাহিনীর হিসেবে এর পরিমাণ ৩৪ লাখ ৮০ হাজার টাকা।
নোয়াখালী প্রতিনিধি জানান, শনিবার ভোরে চাটখিল উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী এবং জেলা সদর মাইজদী থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে দমকল কর্মকর্তা হুমায়ুন কবির জানান।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনীর ধারণা ।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, বৈদ্যুতিক সামগ্রীর দোকান, মুদি দোকান ও মনোহারি দোকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২০০ ঘ.
bdnews24