বরিশাল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলো না বরিশালের বানারীপাড়ার ছয় বছর বয়সী শিশু রাব্বির।
শুক্রবার দুপুরে বাস চাপা পড়ে সে মারা গেছে।
বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া ঈদগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি বানারীপাড়া উত্তর গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। শ্রেনীতে তার রোল নম্বর ১। সে ওই এলাকার কৃষক আ. ছালাম খানের ছেলে।
এদিকে রাব্বির মৃত্যুর খবরে এলাকাবাসী বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে।
বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে খালুর সাথে বাড়ি ফিরছিলো রাব্বি। পথিমধ্যে বরিশাল থেকে বানারীপাড়াগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাব্বির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। প্রায় ৩০মিনিট পর জনতা রাস্তা থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২১ ঘ.
bdnews24