২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'জঙ্গলের আইনে চলছে দেশ'

পুনর্মুদ্রিত সংবিধানকে 'অবৈধ' ও 'অকার্যকর' হিসাবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, দেশে এখন জঙ্গলের আইন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মুদ্রিত সংবিধানকে 'অবৈধ' ও 'অকার্যকর' হিসাবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, দেশে এখন জঙ্গলের আইন চলছে। শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এম কে আনোয়ার বলেন, "পুনর্মুদ্রিত সংবিধান অবৈধও অকার্যকর। অবস্থাটা এমন হয়েছে যে, দেশে কোনো সংবিধান নেই। দেশে জঙ্গলের আইন চলছে। এ সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।" শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারাবন্দি বার্ষিকী পালন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারের ব্যর্থতা চিত্র তুলে ধরে এম কে আনোয়ার বলেন, "দেশে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। তারপরও সরকার বলছে, মানুষ চার বেলা পেট ভরে খাচ্ছে। এভাবে মিথ্যাচার করে তারা পার পাবে না।" মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণের নিন্দা জানান তিনি। সাবেক এই মন্ত্রী বলেন, "এর জন্য তাদের আগামীতে খেসারত দিতে হবে। সম্মানী ব্যক্তিকে অসম্মান করা আওয়ামী লীগের চরিত্র। অতীতে তারা বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, বিচারপতি হাবিবুর রহমানকেও অপমান করেছে।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন, ঢাকা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৬৫২ ঘ.