ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন।
টাঙ্গাইলে তিনটি দুর্ঘটনায় ছয় জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠীতে বাস উল্টে মারা গেছেন এক প্রবাসী।
চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক পথচারী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে টেম্পু চাপা পড়ে নিহত হন আরো একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: সদর উপজেলার ক্ষুদিরামপুরে ঢাকা-টাঙ্গাইল সড়কে শুক্রবার প্রথম প্রহরে সিমেন্টভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা থানার উপ-পরিদর্শক (্এসআই) সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এতে ঘটনাস্থলেই ট্রাক আরোহী চার জন নিহত হয়। আহত হয় পাঁচ জন।
নিহতদের মধ্যে নাটোর জেলার চটকল পাড়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম ছাড়া আর কারো পরিচয় জানা যায়নি বলে এসআই জানান।
আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের আশেকপুরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
এছাড়া শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভুয়াপুর লিংক রোডে ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের আরেক ব্যক্তি মারা যায় বলে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান।
ঝালকাঠী: সদর থানার ওসি আকতারুজ্জামান সাংবাদিকদের জানান, বৈদারাপুরে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই প্রবাসী কাজী আলমগীর হোসেন (৩৫) মারা যায়। আহত হয় আরো ৩০ জন।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা বলে ওসি জানান।
নিহত আলমগীর পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ধানিসাপা গ্রামের বাসিন্দা।
আলমগীর দুবাই যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রানীহাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যতীন কর্মকার (৩৮) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সকাল সোয়া ৮টার দিকে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে যতীন নিহত হন।
চালক বাসটি নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর সড়কের সরাইল উপজেলার কালী কচ্ছের ধর্মতীর্থ এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় এক জন নিহত হন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফিজ উদ্দিন (৬০)। তার বাড়ী ধর্মতীর্থ গ্রামে।
সরাইল থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরে এলাকার লোকজন চালক সহ টেম্পুটিকে আটক করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24