ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে 'নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল' সংসদে পাসের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটি তাদের চতুর্থ প্রতিবেদনে এ সুপারিশ করে।
কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু সংসদে এ প্রতিবেদন পেশ করেন।
এর আগে ২০০৯ সালের সেপ্টেম্বরে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন।
হেফাজতে নির্যাতন বা মৃত্যুর ঘটনায় প্রথম অভিযোগ দাখিলের ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ এবং চার্জশিট দাখিলের ১৮০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে এই বিলে ।
প্রস্তাবিত বিলে হেফাজতে নির্যাতনের অভিযোগে দোষী প্রমাণিত হলে অন্যুন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে ২৫ হাজার টাকা জরিমানা এবং মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া নির্যাতনের অভিযোগে দণ্ডিত ব্যক্তির জরিমানার অতিরিক্ত ২৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রদান এবং মৃত্যুর ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নির্ধারিত জরিমানার অতিরিক্ত ২ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তিকে দিতে বলা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও বিভিন্ন সময়ে সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। আইনের অপপ্রয়োগ হয়েছে বারবার। রাষ্ট্রের বিভিন্ন দফতর বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকাংশ ক্ষেত্রেই জনগণের মৌলিক অধিকারের কথা ভুলে যাওয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিভিন্ন অজুহাতে সরকারের প্রশাসন যন্ত্রের মাধ্যমে এবং পুলিশ বাহিনীর মাধ্যমে জনগণকে নির্যাতন করা হয়। বিভিন্ন সময়ে আইনের হেফাজতে রেখে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করা হয়। এমনকি নিরাপত্তা হেফাজতেও মৃত্যুর ঘটনা ঘটেছে অহরহ।
এতে আরো বলা হয়, কাউকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে নিকটতম ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরের বিধান থাকলেও দিনের পর দিন থানা হাজতেই আসামি বা অভিযুক্তকে রাখা হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১২২ ঘ.
bdnews24