বরিশাল, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যন মিজানুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালার বিষয় ছিল- জলবায়ু পরিবর্তনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ, পরিবেশগত সুবিচার নিশ্চিতকরণ, জীবন ধারণের সঙ্কট এবং জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা ও প্রতিকূলতা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ।
মানবাধিকার কমিশন প্রধান বলেন, রাষ্ট্র ছাড়াও যেসব বেসরকারি সংস্থা কাজ করছে তাদেরও একার পক্ষে এই ধরনের একটি প্রাকৃতিক সঙ্কটময় ক্ষেত্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, আপনাদের সুপারিশ, মন্তব্য ও আলাপ-আলোচনা কৌশলপত্রে লিপিবদ্ধ করা হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তৈরি সুপরিকল্পিত সেই কৌশলপত্র ৩১ মার্চের মধ্যে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে।
একই সংঙ্গে তা বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
জাতীয় মানবাধিকার কমিশন সচিব মো. শামসুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আরমা দত্ত ও প্রজেক্ট কন্সালটেন্ট ইরাবুচকো।
জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বরিশাল মহানগর পুলিশের উপ- কমিশনার এজাজ আহমেদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা ও নেতারা চারটি দলে বিভক্ত হয়ে জলবায়ু পরিবর্তনের উপর পৃথক আলোচনা করেন এবং তাদের মন্তব্য তুলে ধরেন।
কর্মশালায় বিশ্বের প্রথম জলবায়ু আদালতের ভিডিও চিত্র দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.
bdnews24