বাগেরহাট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে টেম্পোর ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খুলনা-মংলা মহাসড়কে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনিরা বেগম (২৫) ও তার ১৬ মাস বয়সী মেয়ে অনন্যা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার চর রূপদহ গ্রামের বাসিন্দা। মনিরার স্বামী পুলিশ কনস্টেবল ওসমান গণি ওই তদন্ত কেন্দ্রেই কর্মরত। তদন্ত কেন্দ্রের ভেতরে সরকারি কোয়ার্টারে তাদের বাসা।
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে ওসমান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। বিকেল সোয়া ৪টার দিকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তদন্ত কেন্দ্রের সামনে খুলনামুখী একটি টেম্পো মা-মেয়েকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
এসআই জানান, টেম্পোটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24