২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবৈধ আউটার ক্যাম্পাসের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা'

আউটার ক্যাম্পাস খুলে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আউটার ক্যাম্পাস খুলে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকার সংসদে প্রশ্ন রাখেন- কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির ব্যবসা করছে? এ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে? টেবিলে উত্থাপিত লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় (কুইন্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি) আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। শিক্ষার নামে ব্যবসা করছে- বিভিন্ন পত্রপত্রিকায় এমন খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন (ইউজিসি) ২০০৭ সালে আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেয়। নাহিদ জানান, সরকারের এ আদেশের বিরুদ্ধে কয়েকটি বিশ্ববিদ্যালয় (দারুল ইহসান ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্স, লিডিং ইউনিভার্সিটি) আদালতের স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। "এরমধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু আউটার ক্যাম্পাস পরিচালনা করছে বলে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পেরেছি" তিনি জানান, আউটার ক্যাম্পাস বন্ধ করার আদেশের বিরুদ্ধে ২৯টি আউটার ক্যাম্পাসের একটি গ্র"প আদালতে মামলা করে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম চালাচ্ছে তারা। বাকি চারটি গ্র"প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আউটার ক্যাম্পাস খুলে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। মন্ত্রী বলেন, "বিশ্ববিদ্যালয়ের এমন কার্যকলাপের বিরুদ্ধে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।" জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট সংরক্ষিত মহিলা আসনের (৩৪) সাংসদ সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত হবে।" তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি' গঠন করেছে। গত তিন মাস ধরে সেশনজট কমিয়ে আনার জন্য কাজ করছে এ কমিটি। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, "কমিটির সুপারিশ করা প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেশনজট মুক্ত হবে।" বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে তিনি প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৩ ঘ.