ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে এক শিশু গৃহকর্মীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শহিদুল ইসলাম (১০) নামের শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহমুদুর রহমান তুহিন নামে এক রিক্সাচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে যাত্রাবাড়ি বাদশা হোটেলের সামনে ওই শিশুটি অসুস্থ অবস্থায় পড়ে ছিল।
"শিশুটি নিজের নাম শহিদুল ইসলাম বলে এবং একটি মোবাইল নম্বর দেয়। তার অবস্থা ভাল না হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।"
শহিদুলের উদ্ধৃতি দিয়ে তুহিন জানান, সূত্রাপুরে মিন্টু মিয়া নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করতো সে। মিন্টু মিয়ার স্ত্রী এবং তার ছেরে শহিদুলকে বাসার ছাদে নিয়ে মারধর করে নিচে ফেলে দেয়। সে কয়েকটি কলাগাছের ওপর গিয়ে পড়ে। এতে সে মাথায় এবং কোমরে আঘাত পায়।
শহিদুল জানিয়েছে তার বাড়ি রংপুরের পীরগাছায়। শহিদুলের দেওয়া মোবাইল নম্বরের মাধ্যমে তার আত্মীয়স্বজনকে ঘটনাটি জানিয়ে দেওয়া হয় বলে জানান রিক্সাচালক তুহিন।
তবে তাকে কেন মেরেছে বা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু বলেনি শহিদুল।
এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুলের মাথায় বেশ আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সিটি স্ক্যান করার পর তার সার্বিক পরিস্থিতি জানা যাবে।
এ ব্যাপারে সুত্রাপুর থানার উপপরিদর্শক কলিন গোলদার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্নজনের টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে যেখানে ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১৭ ঘ.
bdnews24